সালাহর ফেরার ম্যাচে লিভারপুলকে জেতালেন একিতিকে

বাংলাদেশ ফুটবল লিগ

ফকিরেরপুলকে হারিয়ে দ্বিতীয় জয় আবাহনীর

ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ষষ্ঠ রাউন্ডে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় জয়ের দেখা পেল ঢাকা আবাহনী লিমিটেড। এই রাউন্ডের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসি এবং নবাগত পিডব্লিউডি স্পোর্টস
ক্লাব পয়েন্ট ভাগাভাগি করেছে।


গতকাল মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে নিজেদের ষষ্ঠ ম্যাচে ফকিরেরপুলকে ৫-০ গোলে উড়িয়ে দেয় আবাহনী। বিজয়ী দলের হয়ে মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে জোড়া গোল করলে অন্য তিনটি করেন যথাক্রমে স্থানীয় মিডফিল্ডার মিরাজুল ইসলাম, শেখ মোরসালিন ও ফরোয়ার্ড আল-আমিন।


কাল ফকিরেরপুলের বিপক্ষে অসাধারণ খেলেন দিয়াবাতে, শেখ মোরসালিনরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় লিগের ছয়বারের চ্যাম্পিয়নরা। যার ফলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় আবাহনী। যদিও প্রথম গোলের দেখা পেতে ঢাকার অভিজাত পাড়ার ক্লাবটিকে আধঘন্টারও বেশি সময় অপেক্ষায় থাকতে হয়। ম্যাচের ৩২ মিনিটে দিয়াবাতের গোলে এগিয়ে যায় আবাহনী। এসময় মিডফিল্ডার কাজেম শাহ’র বাড়ানো বল দক্ষতার সঙ্গেই নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে গোল করেন মালির ফরোয়ার্ড (১-০)। চার মিনিট পরই সমতায় ফেরার সুযোগ নষ্ট করে ফকিরেরপুল। ম্যাচের ৩৫ মিনিটে আইভরি কোস্টের ফরোয়ার্ড বেন কুয়াত্তারা পেনাল্টি শট বাইরে মারলে কপাল পোড়ে মতিঝিলের দলটির। কুয়াত্তারাকে নিজেদের বক্সে সুশান্ত ত্রিপুরা ফাউল করলে স্পট কিকের বাঁশি বাজান রেফারি। আক্রমণের ধারায় থেকে ম্যাচের ৪১ মিনিটে দ্বিতীয় গোলটি পায় আবাহনী। এসময় ডান দিকে বাইলাইনের ওপর থেকে মিরাজুল ইসলামের পাস ধরে দেখে-শুনে এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন মোহামেডান থেকে এ মৌসুমে আবাহনীতে আসা দিয়াবাতে (২-০)। তিন মিনিট পর গোলের খাতায় নাম লেখান মিরাজুল। ম্যাচের ৪৪ মিনিটে বাম দিকে আসা ক্রসে মিরাজুল সাইড ভলিতে ফকিরেরপুলের গোলরক্ষক সাঞ্জু আহমেদকে পরাস্ত করেন (৩-০)। এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেলে দ্বিতীয়ার্ধে আরও দুই গোল পায় ঢাকার আকাশী-হলুদরা। ম্যাচের ৭৯ মিনিটে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ভুল পাসের বল পেয়ে ছুটে এসে বক্সে ঢুকে নিচু শটে লক্ষ্যভেদ করেন শেখ মোরসালিন (৪-০)। সাত মিনিট পর পঞ্চম গোলের দেখা পায় বিজয়ীরা। ম্যাচের ৮৬ মিনিটে আল-আমিন গোল করলে বড় জয় নিশ্চিত হয় আবাহনীর (৫-০)। ম্যাচ জিতে ছয় খেলায় দু’টি করে জয়, হার ও ড্রতে ৮ পয়েন্ট পেয়ে মোহামেডানকে পেছনে ফেলে তালিকার চতুর্থ স্থানে উঠলো আবাহনী। সমান ম্যাচে এক জয়, দুই ড্র ও তিন হারে ৫ পয়েন্ট পাওয়া ফকিরেরপুলের অবস্থান নবম স্থানে।


এদিন বাংলাদেশ পুলিশ ও পিডব্লিউডি’র মধ্যকার লিগের অন্য ম্যাচটি গোলশূন্য ড্র হয়। দুই দলেরই হোম ভেন্যু গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম। কাল লিগ ম্যাচের ভেন্যু ছিল সেখানেই। তবে খেলাটি অনুষ্ঠিত হয় রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি ভেন্যু বদলের কারণ সম্পর্কে বলেন,‘ম্যাচের নির্ধারিত ভেন্যু ছিল গাজীপুর। তবে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান উপলক্ষে সেখানকার স্থানীয় প্রশাসনের প্রস্তুতিমূলক কাজের কারণে পুলিশ ও পিডব্লিউডি’র মধ্যকার ম্যাচটি শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজন করা সম্ভব হয়নি। আমরা অনুরোধ করেছিলাম খেলার সময় প্রয়োজনে এগিয়ে, দ্রুত মাঠ ছেড়ে দেয়ার। কিন্তু গাজীপুর জেলা প্রশাসন আমাদের মাঠ দিতে পারেনি এজন্য ভেন্যু পরিবর্তন হয়েছে।’ ম্যাচ ড্র হওয়ায় ছয় খেলায় একটি করে জয় ও হার এবং চার ড্রতে ৭ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে উঠলো পুলিশ। সমান ম্যাচে এক জয়, তিন ড্র ও দুই হারে ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে পিডব্লিউডি।


আগামী মঙ্গলবার বিজয় দিবসের দিন কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান ও বসুন্ধরা কিংস। ঐ দিন কুমিল্লায় জেলা প্রশাসনের বিজয় দিবসের অনুষ্ঠান রয়েছে। এজন্য লিগ কমিটি ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আয়োজন করবে। ঐ ম্যাচে দর্শক প্রবেশাধিকার থাকবে কিনা তা এখনো জানায়নি বাফুফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *