গোয়া থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান যুক্তরাষ্ট্রের এক নারী যাত্রী। আকস্মিক এই পরিস্থিতিতে বিমানের ভেতরেই জীবনরক্ষাকারী ভূমিকা নেন এক সহযাত্রী চিকিৎসক। তার দ্রুত চিকিৎসা ও সিদ্ধান্তে শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান ওই নারী।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গোয়া থেকে উড্ডয়নের প্রায় ১০ মিনিট পর ৩৪ বছর বয়সী জেনি নামের ওই নারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং গোয়ায় ভ্রমণ শেষে দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। তখন সময় ছিল দুপুর ১টা ১৫ মিনিটের দিকে।
হঠাৎ করেই জেনির শরীর কাঁপতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। তার পাশে ছিলেন বোন। বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন সহযাত্রী চিকিৎসক নিম্বালকর। তিনি কর্নাটকের বেলগাভি জেলার খানাপুর বিধানসভা কেন্দ্রের সাবেক কংগ্রেস বিধায়কও ছিলেন।
চিকিৎসক নিম্বালকর দেখেন, জেনির শরীর ফ্যাকাশে হয়ে গেছে এবং তিনি কোনো সাড়া দিচ্ছেন না। সঙ্গে সঙ্গেই তিনি প্রাথমিক চিকিৎসা শুরু করেন। জেনির বোনের কাছ থেকে জানা যায়, আগের দিন তার পেটে সংক্রমণ হয়েছিল। কিছুটা সুস্থ বোধ করলেও বিমানে ওঠার পর আবার অসুস্থতা বাড়তে থাকে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে চিকিৎসকের পরামর্শে ককপিট থেকে দিল্লি বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করা হয়। দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং নিরাপদে বিমান নামানোর পর জেনিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।
সহযাত্রী চিকিৎসকের সময়োচিত উদ্যোগ ও বিমানের দ্রুত অবতরণের কারণেই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন ওই মার্কিন নারী। ঘটনাটি বিমানের যাত্রীদের মাঝেও স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি তৈরি করেছে। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া