ছবি: চেলসি ফুটবল ক্লাব/ফেসবুক
টানা চার ম্যাচ জয়শূন্য থাকার পর অবশেষে জয়ের দেখা পেয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার কোল পামার ও মালো গুস্তোর গোলে এভারটনকে ২-০ ব্যবধানে হারায় এন্টসো মারেস্কার দলটি।
গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার মাঠে ২-১ গোলে হারা দলটির কাছে এই জয় কতটা স্বস্তির তা প্রকাশ পায় মারেস্কার কথায়। সামগ্রিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে ক্লাবে আগের দুই দিনের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন ইতালিয়ান এই কোচ।
“খেলোয়াড়রা যেভাবে শিখতে চায়, তা দারুণ, আর এই কারণেই তাদের প্রশংসা করি আমি। কারণ এত সমস্যার পরও, কঠিন সপ্তাহের পরও, তারা খুব ভালো করছে।”
“আমি ক্লাবে যোগ দেওয়ার পর থেকে, গত ৪৮ ঘন্টা ছিল সবচেয়ে বাজে, কারণ অনেকেই আমাদের সমর্থন করেনি।”
এই সময়ে কাছের লোকের সমর্থন না পাওয়ায় হতাশ কণ্ঠে লেস্টার সিটির সাবেক কোচ বলেন, “ক্লাবে যোগ দেওয়ার পর থেকে সবচেয়ে বাজে ৪৮ ঘন্টা, কারণ লোকেরা আমাকে ও দলকে সমর্থন করেনি।”
চেলসির অভ্যন্তরীণ লোকেদের কথা বলছেন কি-না, এমন প্রশ্নেও পরিষ্কার করে উত্তর দেননি মারেস্কা, তবে তিনি বলেন, “সামগ্রিকভাবে, সামগ্রিকভাবে।”
এই জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে চেলসি। ১৬ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ২৮। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।